মোহাম্মদ সেকান্দার আলম , চট্টগ্রাম:
চট্টগ্রামে কাতার প্রবাসী ও চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হককে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৭। গতকাল রবিবার (৭ জুন) বন্দর থানাধীন রেলওয়ে একাডেমি ডেবার পার জঙ্গল এলাকায় একটি শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় সরাসরি জড়িত ৪ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রোহান (২০), মো. সায়েম (২৩), মো. সাদ্দাম হোসেন (২৮) এবং মো. জিয়াউর রহমান।
ر্যাব জানায়, ভুক্তভোগী প্রকৌশলী মো. মনিরুল হক গতকাল সকাল আনুমানিক ১১টার দিকে চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং দ্রুত উদ্ধারের জন্য র্যাব-৭ কার্যালয়ে লিখিত আবেদন জানান।
এরই মধ্যে একটি অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে ভিকটিমের পরিবারের কাছে ফোন করে জানানো হয় যে, মনিরুল হক তাদের জিম্মায় আছেন। তাকে সুস্থ অবস্থায় ফেরত পেতে হলে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে।
মুক্তিপণের কল পাওয়ার পরপরই আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে মাঠে নামে র্যাবের একটি চৌকস দল। এরপর বন্দর থানার রেলওয়ে একাডেমি ডেবার পার জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে জিম্মি দশা থেকে প্রকৌশলী মনিরুলকে উদ্ধার এবং ঘটনাস্থল থেকে চার অপহরণকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।