জাপান ইসলামিক মিশনের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদের বর্ণাঢ্য সাংগঠনিক ও কর্মজীবন

নিজস্ব প্রতিবেদক| ৭ মে, ২০২৬

জাপানের ইসলামিক মিশনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদের বর্ণাঢ্য সাংগঠনিক ও কর্মময় জীবনের নানাদিক বর্তমানে তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে জন্ম নেওয়া এই প্রাজ্ঞ ব্যক্তিত্ব বর্তমানে জাপানে দ্বীনের দায়ী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ছাত্রজীবনের নেতৃত্ব ও কঠোর শৃঙ্খলা

হাফেজ ছাবের আহমদ ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের একজন অত্যন্ত মেধাবী ও চৌকস নেতা ছিলেন। তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম আলীয়া (কামিল) মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে দায়িত্ব পালনের পর ১৯৯৮ ও ১৯৯৯ সালে চট্টগ্রাম দক্ষিণ-বান্দরবান সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে সফল নেতৃত্ব দেন।

২০০০ সালে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি অবিভক্ত চট্টগ্রাম মহানগরীর বায়তুল মাল সম্পাদক এবং ২০০১-২০০২ সেশনে মহানগরীর সেক্রেটারি হিসেবে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মনোনীত হন। সাংগঠনিক নিয়মকানুন প্রতিপালনে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। মাঠপর্যায়ের জনশক্তিদের নিয়মানুবর্তিতা ও মানোন্নয়নে তার আপসহীন ভূমিকা আজও অনেকের স্মৃতিতে অম্লান।

শিক্ষকতা ও পেশাজীবন

ছাত্রজীবন শেষে তিনি দারুল উলুম আলীয়া মাদ্রাসায় শিক্ষকতা ও হোস্টেল সুপারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘দারুল ইরফান একাডেমি’র অধ্যক্ষ হিসেবে দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করেন। রাজনৈতিক জীবনে তিনি কোতোয়ালি থানা আমীর এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সাল এবং পরবর্তী সময়ে বিভিন্ন মেয়াদে তিনি কারাবরণ ও রাজনৈতিক নিগ্রহের শিকার হন।

জাপানে দ্বীনি কার্যক্রম ও আন্তর্জাতিক অঙ্গন

বর্তমানে হাফেজ মাওলানা ছাবের আহমদ সপরিবারে জাপানে অবস্থান করছেন। তিনি জাপানের কোশিগায়া, সাইতামার ‘বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সের’ প্রধান নির্বাহী এবং ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছর তিনি জাপান ইসলামিক মিশনের সদস্যদের সরাসরি ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এর আগে এই দায়িত্বে ছিলেন বিশিষ্ট সংগঠক এটিএম মিছবাহুল কবির।

একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ইসলামি সেমিনারে অংশগ্রহণ করে আসছেন। তার গভীর কিতাবি ইলম এবং চমৎকার উপস্থাপনা শৈলী তাকে একজন বিশিষ্ট আলোচক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

জাপানে জামায়াত নেতৃবৃন্দের সফর

বর্তমানে আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাপান ইসলামিক মিশনের আমন্ত্রণে দেশটিতে অবস্থান করছেন। এই সফর জাপানে ইসলামি দাওয়াহ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক ও দায়িত্বশীল এই ব্যক্তিত্ব প্রবাসে থেকেও দেশের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের খোঁজখবর রাখেন নিয়মিত। তার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনায় শুভানুধ্যায়ীরা দোয়া চেয়েছেন।