ডবলমুরিং থানায় পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও রাষ্ট্রবিরোধী চক্রসহ গ্রেফতার ৫

মো: আব্দুল মোবিন

চট্টগ্রাম মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে ডবলমুরিং মডেল থানা পুলিশ। ১ ও ২ জুন দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আগ্রাবাদ ও মনসুরাবাদ থেকে গুরুতর মামলার ২ আসামি গ্রেফতার

ডবলমুরিং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরিফ ফয়সলের নেতৃত্বে এসআই শহিদুল আলম পারভেজ ও সঙ্গীয় ফোর্স গত ১ জুন রাত সাড়ে ১১টার দিকে আগ্রাবাদ ও মনসুরাবাদ এলাকায় অভিযান চালান। এ সময় নুর ইসলাম (২৭) ও আকাশ (১৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ও স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীনে সহিংসতা, সরকারি কাজে বাধা, হামলা, চুরি ও ভাঙচুরসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে।

মোগলটুলী থেকে পরোয়ানাভুক্ত আসামি আটক

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন খানের নেতৃত্বে এসআই কাজী আবিদ হোসেন ও সঙ্গীয় ফোর্স ৩ জুন দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে মোগলটুলী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ইপিজেড থানার একটি সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি আমির হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন।

ধনিয়ালাপাড়ায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ১

একই রাতে ধনিয়ালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইফতেখার হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতিসাধন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা দেওয়ার সাথে জড়িত। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পাহাড়তলী বাজার থেকে ছিনতাইকারী মনা গ্রেফতার

এদিকে, গত ২ জুন রাত সাড়ে ৮টার দিকে পাহাড়তলী বাজার এলাকায় এসআই শহিদুল আলম পারভেজের নেতৃত্বে অভিযান চালিয়ে ওমর হোসেন প্রকাশ মনা (২১) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও পূর্বে দায়ের হওয়া মামলায় আদালতের নির্দেশনা ছিল।

ডবলমুরিং থানা কর্তৃপক্ষের বক্তব্য:

“চট্টগ্রাম মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হচ্ছে।”