বাঁশখালীতে আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, রান্নাঘর জ্বালিয়ে দেওয়া ও উল্টো হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক,  (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নম্বর গণ্ডামারা ইউনিয়নের শাহ বুড়ার বাড়ি এলাকার মৃত হাচাননুরের স্ত্রী রজি আক্তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাজানো ও মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা। একইসঙ্গে জবরদখলকৃত পৈত্রিক সম্পত্তি উদ্ধার এবং রান্নাঘর জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহ ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

ঘটনার বিবরণ ও আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা:

স্থানীয় সূত্রে জানা যায়, গণ্ডামারা এলাকার শাহ বুড়ার বাড়ির নিবাসী রজি আক্তার ও তার পরিবার পৈত্রিক এবং খরিদ সূত্রে পাওয়া সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু এলাকার চিহ্নিত ভূমিদস্যু মোহাম্মদ আজগর হোসেন, ফজল আহমদ, ছৈয়দ নুর, বাদশা ও অহিদুর রহমানরা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি জোরপূর্বক জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছে। ভুক্তভোগী রজি আক্তার বিজ্ঞ দেওয়ানি আদালতে মামলা করলে, আদালত নথিপত্র যাচাই শেষে গত ২৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে ওই সম্পত্তিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

নিষেধাজ্ঞা অমান্য, রান্নাঘর ভস্মীভূত ও হামলা:

আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীরা গত ২০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে ভুক্তভোগীর সম্পত্তির ঘেরাভেড়া ও সংস্কার কাজে বাধা দেয় এবং হত্যার হুমকি দেয়। সর্বশেষ অভিযোগে ভুক্তভোগী রজি আক্তার জানান, বিবাদীরা শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, তারা তাদের বসতভিটায় থাকা রান্নাঘরটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, যা এক ভয়াবহ অপরাধ। এ ঘটনায় পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

উল্টো হয়রানিমূলক মিথ্যা মামলার কূটচাল:

থানায় অভিযোগ ও আইনি পদক্ষেপের পর ক্ষিপ্ত হয়ে বিবাদীদের পক্ষ থেকে মোহাম্মদ আজগর হোসেন বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রজি আক্তার, এরফান ও রবি আক্তারসহ কয়েকজনকে আসামি করে একটি কাল্পনিক সি.আর মামলা (নং- ২০২৬/২০২৬ ইং) দায়ের করেছেন। এজাহারে বসতঘরে হামলা ও ভাঙচুরের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগীদের দাবি:

ভুক্তভোগী রজি আক্তার ও তার পরিবার জানান, নিজেদের অবৈধ দখল বজায় রাখতে ভূমিদস্যুরা এই মিথ্যা মামলা সাজিয়েছে। তারা এই মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার, রান্নাঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনায় দোষীদের শাস্তি এবং তাদের পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।