বিলীনের পথে লোহাগাড়ার শতাধিক বছরের পুরোনো শিবমন্দির: সংস্কার ও দখলমুক্ত করার দাবি

রতন কান্তি দাশ চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান সুখছড়ী এলাকায় অবস্থিত তৎকালীন জমিদার হরিশ চন্দ্র চৌধুরীর প্রতিষ্ঠিত শতাধিক বছরের পুরোনো ঐতিহাসিক শিবমন্দিরটি এখন বিলীনের পথে। সঠিক রক্ষণাবেক্ষণ, সংস্কারের অভাব এবং অবৈধ দখলের কারণে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐতিহাসিক এই শিবমন্দিরটি চরম অযত্ন ও অবহেলায় জীর্ণ দশায় পড়ে আছে। মন্দিরের দেয়ালে গজে উঠেছে শ্যাওলা ও আগাছা, চারপাশ ঢেকে গেছে পরগাছা ও লতাপাতায়। জরাজীর্ণ ভবনটির দেয়ালের পলেস্তারা ও ইট খসে খসে পড়ছে। যেকোনো সময় এটি সম্পূর্ণ ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংস্কারের অভাবের পাশাপাশি মন্দিরটির চারপাশের মূল্যবান জমির সিংহভাগই ইতোমধ্যে অবৈধ দখলদারদের কবলে চলে গেছে। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে মন্দির থেকে চুরি ও লুটপাট হয়ে গেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন শিবলিঙ্গসহ বহু মূল্যবান মালামাল। ফলে দিনের পর দিন অনাদরে-অবহেলায় এই ঐতিহ্যবাহী স্থাপনাটি তার অস্তিত্ব হারাচ্ছে।

এলাকাবাসীর মতে, লোহাগাড়া উপজেলায় হাতেগোনা যে কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, তার মধ্যে এই শিবমন্দিরটি অন্যতম। এখনই সুপরিকল্পিত পদক্ষেপ না নিলে এই ইতিহাস চিরতরে হারিয়ে যাবে।

“শিবমন্দিরসহ উপজেলার অন্যান্য প্রত্নতাত্ত্বিক স্থাপনাসমূহ সরকারিভাবে চিহ্নিত করা প্রয়োজন। আমাদের এই ঐতিহ্যগুলো টিকিয়ে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।”

— সাংবাদিক রাজু চৌধুরী, সাধারণ সম্পাদক, মন্দির কমিটি।

এই বিষয়ে গভীর আক্ষেপ প্রকাশ করে লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার রিটন দাশ বলেন, “লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই শত বছরের পুরোনো মন্দিরটির আশপাশের জমিগুলো অবৈধ দখলে চলে গেছে। আমরা অবিলম্বে এই ঐতিহাসিক দেবোত্তর সম্পত্তি দখলমুক্ত করার জোর দাবি জানাচ্ছি। একই সাথে মন্দিরটি রক্ষায় দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।”

এলাকাবাসী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক সম্পদটি রক্ষায় এবং মন্দিরের জমি উদ্ধার করতে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।