রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের নেতৃত্ব নিয়ে বিভ্রান্তির অবসান: এম এ নাজিম উদ্দিনের ঘোষণা, ১৪ই ফেব্রুয়ারির কমিটিই বহাল

               মোঃ আব্দুল মোমিন চট্টগ্রাম

রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন ও অনুমোদন প্রক্রিয়াকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে নেতাকর্মীদের মধ্যে চলা বিভ্রান্তি ও গুঞ্জনের অবসান ঘটেছে। দলের শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, সম্প্রতি ঘোষিত বিতর্কিত ও অসংগতিপূর্ণ নতুন কমিটির কোনো সাংগঠনিক ভিত্তি নেই। রাঙ্গুনিয়ায় শ্রমিক দলের ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখের কমিটিই একমাত্র বৈধ এবং এটিই বহাল ও কার্যকর রয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করতে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হন দলের শীর্ষ নেতারা। এ সময় সংগঠনের কঠোর অবস্থান স্পষ্ট করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এম এ নাজিম উদ্দিন এবং রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সোলায়মান সালমান। ভিডিও সাক্ষাৎকারে তারা সাংগঠনিক এই জটিলতার বিভিন্ন দিক তুলে ধরেন।

সাংবাদিকদের পক্ষ থেকে এক বছরের মধ্যে বারবার কমিটি পরিবর্তন, সাম্প্রতিক নতুন কমিটি ঘোষণার বৈধতা এবং এর ফলে সৃষ্ট বিভ্রান্তির দায়ভার নিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করা হলে শীর্ষ নেতারা স্পষ্ট জানান—গত ১৪/০২/২০২৬ তারিখে অনুমোদিত রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের কমিটিই একমাত্র বৈধ কমিটি এবং এটিই বহাল থাকবে।

এ সময় স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করে এম এ নাজিম উদ্দিন বলেন,

“রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের আগের কমিটিই বহাল থাকবে; নতুন কোনো কমিটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

নেতৃবৃন্দ আরও বলেন, এর বাইরে সম্প্রতি হঠাৎ করে নতুন যে কমিটি নিয়ে আলোচনা বা প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ, ভিত্তিহীন এবং দলের গঠনতন্ত্র পরিপন্থী। সম্প্রতি ঘোষণা করা কমিটিটিকে অত্যন্ত হাস্যকর ব্যাপার বলে আখ্যায়িত করে তারা জানান, ঘোষণাকারীরা তারিখ পর্যন্ত ভুল দিয়েছে এবং সেখানে পেছনের বা ভুল তারিখ উল্লেখ করেছে! নিয়মনীতির তোয়াক্কা না করে এমন ভুল তারিখ দিয়ে কমিটি প্রচার করা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, একই সাংগঠনিক ইউনিটে বারবার এ ধরনের বিভ্রান্তিকর কমিটি ঘোষণা দলের শৃঙ্খলার পরিপন্থী এবং এটি নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরির একটি অপচেষ্টা মাত্র। রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের ১৪ ফেব্রুয়ারির কমিটিই বহাল রয়েছে এবং দলীয় গঠনতন্ত্র মেনেই মাঠপর্যায়ে সকল কার্যক্রম পরিচালিত হবে।

শীর্ষ নেতাদের এই স্পষ্ট ও কঠোর বক্তব্যের মধ্য দিয়ে রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের বিভ্রান্তি ও গুঞ্জনের অবসান হলো।