সাংবাদিকের ওপর হামলায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, দৈনিক চট্টগ্রামের কণ্ঠ:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিলে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। একই সাথে ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি ইতিপূর্বে স্বাধীন সাংবাদিকতায় কখনো বাধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না।”

তিনি আরও জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জামায়াতের কোনো জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামীকালের (বুধবার) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের আলোকেই দোষীদের ব্যাপারে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আহত সাংবাদিকের খোঁজখবর

এদিকে ঘটনা জানার পরপরই মহানগরী নেতৃবৃন্দের নির্দেশে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজ-খবর নিতে যান। মহানগরী সংগঠনের পক্ষ থেকে তিনি এই অনভিপ্রেত ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানান।