নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম, ৭ অক্টোবর ২০২৬: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (SRU)-এর উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত SWAT সদস্যদের ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী, প্রশিক্ষণ মহড়া ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বিশেষায়িত আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে SWAT সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দীর্ঘ ৫ সপ্তাহের এই নিবিড় প্রশিক্ষণ কোর্সে সদস্যদের বিশেষায়িত অভিযান পরিচালনা, দলগত সমন্বয়, কৌশলগত দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আয়োজিত এক আকর্ষণীয় মহড়ায় প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত পেশাদারিত্ব ও কৌশলগত সক্ষমতার বাস্তব প্রয়োগ প্রদর্শন করেন। পরে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সংস্থাসংলগ্ন অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।