আব্দুল মোমিন, চট্টগ্রাম | ২৯ জুন, ২০২৬
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানার চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনার মূল হোতা মো: আরমান (৩৩)-কে গ্রেফতার করেছে। অভিযানে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে চোরাইকৃত মালামাল বিক্রির নগদ ১১,৫৩৮ টাকা উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ জুন, ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা বিনাগ লেইনস্থ শ্মশান কালীবাড়ি মন্দিরে প্রবেশ করে। এ সময় মন্দিরের মূর্তি থেকে ১ লক্ষ টাকার স্বর্ণালংকার এবং ১ লক্ষ ২৫ হাজার টাকার রূপার অলংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলার সূত্র ধরে বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মো: আবদুর রহিমের সার্বিক নির্দেশনায়, এসআই খায়রুল বাসার সাজিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তদন্তে নামে। দীর্ঘ প্রচেষ্টার পর গত ২৭ জুন রাতে নগরীর সাগরিকা রোডের বিটাক মোড়স্থ তিতাস ফার্মেসি এলাকা থেকে মূল অভিযুক্ত মো: আরমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরমান পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের মৃত মনির হোসেন ও কহিনুর বেগমের সন্তান। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী রূপালী আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চুরির ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। তার কাছ থেকে চোরাইকৃত অলংকার বিক্রির নগদ ১১,৫৩৮ টাকা জব্দ করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ মো: আবদুর রহিম জানান, “মন্দিরে চুরির ঘটনায় মামলা দায়েরের পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। মামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট চোরাইকৃত মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”