মোঃ আব্দুল মোমিন চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সক্রিয় সহযোগীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল এবং ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গত শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টায় পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাউজান উপজেলার আধার মানিক এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. শুভ (২২) এবং একই উপজেলার কদলপুর এলাকার মৃত বাচা মিয়ার ছেলে মো. সুমন (৩০)।
আজ শনিবার (২৩ মে) সিএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে সাজ্জাদ ও রায়হান গ্যাংয়ের দুই সহযোগী শুভ ও সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি দিয়ে তারা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
পুলিশ জানায়, সম্প্রতি চাঁদার দাবিতে নগরীর চন্দনপুরা এলাকায় ‘স্মার্ট গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসভবনে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। এছাড়া বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা যুবক রাজুকে গুলি করে হত্যার ঘটনাতেও এই দুই সন্ত্রাসীর সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া তাদের বিরুদ্ধে রাউজান থানায় পূর্বের পৃথক দুটি হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।