নিজস্ব প্রতিবেদক ঢাকা:
রাজধানীর বনানী থানা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ মোঃ জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনের ফুটপাতে অভিযান পরিচালনা করে। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ইয়াবার পাশাপাশি ‘GDL’ ব্র্যান্ডের ‘G8+’ মডেলের একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত জয়নাল আবেদীন ওরফে মিন্টুর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।