পটিয়ায় রশিদা বাদ স্পোর্টস একাডেমির “ক্রীড়া উৎসব” উদ্বোধন: ক্রীড়াই মাদকের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র — মঈনুল আলম ছোটন

মোঃ হাসমত আলী পটিয়া প্রতিনিধ

পটিয়ার শোভনদণ্ডীস্থ রশিদা বাদ স্পোর্টস একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্ট “ক্রীড়া উৎসব-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৯ মে) বিকাল ৫টায় রশিদা বাদ আরফা-করিম উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মঈনুল আলম ছোটন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “সারাদেশের গ্রামগঞ্জ অপ্রত্যাশিতভাবে মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছে। মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সামাজিকভাবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” তিনি আরও যোগ করেন, “ক্রীড়াই মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গ্রামে গ্রামে শিশু, কিশোর ও তরুণদের জন্য নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও ইভেন্ট আয়োজনের বিকল্প নেই।”

রশিদা বাদ স্পোর্টস একাডেমির উপদেষ্টা ও ফেডারেল ইন্সুরেন্স কোম্পানির পরিচালক মোর্শেদুল শফি হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহাবুবুর রহমান, এস এম হারুনুর রশীদ, হাসমত আলী, সাজ্জাদ হোসেন এনাম ও শহীদুল আলম।

উপদেষ্টা মাইনুল হাসান তুষারের চমৎকার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রশিদা বাদ স্পোর্টস একাডেমির সভাপতি মোহাম্মদ আরাফাত চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রহিম টিটুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা এলাকার যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এমন চমৎকার ক্রীড়া আয়োজনের জন্য রশিদা বাদ স্পোর্টস একাডেমির ভূয়সী প্রশংসা করেন এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন। উদ্বোধনী খেলায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও বিপুল সংখ্যক যুবসমাজের উপস্থিতি মাঠকে মুখরিত করে তোলে।