মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটরসহ (ভেকু) দুইজনকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের সময় উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সাতকানিয়া থানার ছদাহা আশ্রয়ণ প্রকল্পের (৯নং ওয়ার্ড) শামসুল হকের ছেলে দুছ মোহাম্মদ (৩০) এবং কক্সবাজার জেলার পেকুয়া থানার রাজাখালী চাকলাদার পাড়ার আবুল হোছাইনের ছেলে আরাফাত হোছাইন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি আভিযানিক দল ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছমদিয়া পুকুর পাড়, নতুন বাজারস্থ মেসার্স রহমানিয়া ট্রেডিংয়ের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালায়।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি ডাম্পার গাড়ির ওপর মাটি কাটার এস্কেভেটরসহ উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ডাম্পার ট্রাক ও এস্কেভেটরের মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেফতার করে।
অভিযানে জব্দকৃত যন্ত্রাংশের মধ্যে রয়েছে:
০১টি ISUZU ব্র্যান্ডের ডাম্পার ট্রাক (মিনি ট্রাক), যার রেজিস্ট্রেশন নম্বর- নোয়াখালী-ন-১১-০৫৬১।
০১টি জাপানের তৈরি কোমাতসু (Komatsu ltd.) ব্র্যান্ডের এস্কেভেটর মেশিন (মডেল নং- PC25-1)।
সাতকানিয়া থানা পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে গাড়ি ও এস্কেভেটরটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।