নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর দেয়ালে দেয়ালে আঁকা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কোনো গ্রাফিতি বা দেয়ালচিত্র মুছে ফেলার নির্দেশনা দেয়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
রোববার (১৭ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে জুলাই আন্দোলনের গ্রাফিতি অপসারণ নিয়ে যে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই চসিকের পক্ষ থেকে এই স্পষ্টীকরণ এলো।
বিবৃতিতে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন এবং হেলদি সিটি হিসেবে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছেন। এই প্রক্রিয়ায় তিনি বরাবরই নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে বিশেষভাবে উৎসাহ দিয়ে আসছেন।
মেয়র স্পষ্ট করে বলেন, “কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য সিটি মেয়রের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ প্রদান করা হয়নি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতির মতো স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ বিষয় তো মোটেও নয়।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মেয়রের নির্দেশনা ব্যতিরেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্য কোনো বিভাগ বা শাখাও এই গ্রাফিতি মোছার কোনো কার্যক্রম গ্রহণ করেনি। তাই এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে।