আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ১৬ মে, ২০২৬

আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ শনিবার চট্টগ্রাম নগরীর পলিটেকনিক্যাল এলাকায় অবস্থিত ‘বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দক্ষ জনশক্তি গড়ে তুলে দেশে ও বিদেশে বিশাল কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। তিনি বলেন, “বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৬টি মেরিন এবং ১০৪টি সাধারণ টিটিসি রয়েছে।”

প্রশিক্ষণের মান ও পরিধি উল্লেখ করে তিনি আরও জানান, এসব কেন্দ্রে বর্তমানে মোট ৫৮টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আধুনিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতেই এই প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন:

প্রতিমন্ত্রীর একান্ত সচিব জ্যেতিশ্বর পাল।

সহকারী একান্ত সচিব মো: খাইরুল আমিন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন।

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিমন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।