মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
কক্সবাজার উত্তর বন বিভাগের অধীন ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন এলাকায় সংরক্ষিত বনভূমি জবরদখলমুক্ত করতে এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ২৪ মে ২০২৬ খ্রিঃ (রবিবার) সকালে পরিচালিত এই অভিযানে ডুলাহাজারা বিটের হাসিনা পাড়া এলাকায় অবৈধভাবে নির্মিত ১০টি বসতঘর উচ্ছেদ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, একদল ভূমিদস্যু ডুলাহাজারা বিটের হাসিনা পাড়া নামক এলাকায় সংরক্ষিত বনভূমি জবরদখল করে অবৈধভাবে খুটি, বাঁশের চালি ও পলিথিনের ঘেরাবেড়া দিয়ে এসব ঘর নির্মাণ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী রেঞ্জ ও ফুলছড়ি রেঞ্জের স্টাফ, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) এবং স্থানীয় ভিলেজারদের সঙ্গে নিয়ে বন বিভাগ এ যৌথ অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি স্থাপনা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে বনভূমি অবমুক্ত করা হয়।
বন বিভাগের বক্তব্য:
বন কর্মকর্তারা জানান, “বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এই উচ্ছেদ অভিযান অত্যন্ত সফল হয়েছে। সরকারি বনভূমি রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল বন বিভাগের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বনের পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।