,
মোঃ সেকান্দর আলম চট্টগ্রাম
চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) হাসপাতাল ভবনের ৫মতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত তরুণীর নাম রিয়া আক্তার রিতা (২০)। এই নৃশংস হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আব্দুর রহমান শেখ (২১)-কে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশ।
আজ ২৫ মে (২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সোনাগাজী মডেল থানা এলাকার বাদামতলী থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনা ও মামলার বিবরণ
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রিয়া আক্তার রিতা চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বসবাস করতেন এবং সিডিএ মার্কেট এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে বাঘেরহাটের মোড়েলগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুর রহমান শেখের সাথে তার পরিচয় হয়। প্রায় ৩/৪ মাস আগে একটি মারামারির ঘটনায় আব্দুর রহমানের চাকরি চলে যায়। চাকরি হারানোর পরও সে বিভিন্ন সময় রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।
গত ২৩ মে (২০২৬) রাতে গার্মেন্টস ছুটির পর কৌশলে রিতাকে ফয়েজ লেক এলাকায় নিয়ে যায় আব্দুর রহমান। পরে “গুরুত্বপূর্ণ কথা আছে” বলে তাকে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের উত্তর পাশের ৫মতলার গ্রীলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রহমান রিতাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ৫মতলা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই রিতার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের মা মোছাঃ জমিলা বেগম (৫১) বাদী হয়ে খুলশী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৭, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
পুলিশের সফল অভিযান ও আসামি গ্রেফতার
হত্যাকাণ্ডের পর পরই খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস টিম আসামিকে গ্রেফতারের জন্য নগরীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। অবশেষে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সোনাগাজী থেকে প্রধান আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
খুলশী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।