আবদুল মোমিন চট্টগ্রাম
কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দিয়ে চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান এবং দলকে সুসংগঠিত করার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) রাত সোয়া আটটায় চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
দিনের শেষ কর্মসূচি হিসেবে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বর্তমান সাংগঠনিক অবস্থা বিস্তারিতভাবে শোনেন এবং তৃণমূল পর্যায়ে দলের ভিত আরও মজবুত করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা এবং জনগণের দোরগোড়ায় সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক বার্তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম জেলা ও মহানগর বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।