মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানাধীন বাংলাবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এক অস্থায়ী পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন। পরে তিনি ক্যাম্পের কার্যক্রমে ঘুরে দেখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর, আমানউল্লাহপুর, আলাইয়ারপুর ও জিরতলী—এই চারটি ইউনিয়নের সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা, অপরাধ দমন এবং দ্রুত পুলিশি সেবা পৌঁছানোর উদ্দেশ্যেই বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থাপন করা হলো।
উদ্বোধন শেষে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সামজ্জুমানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন বলেন, “এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সমন্বিত পদক্ষেপ ও সহযোগিতা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) জনাব আ ন ম ইমরান খাঁন। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সুশীল সমাজ ও পুলিশের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানান।