মোঃ হাসমত আলী পটিয়া প্রতিনিধি
রশিদাবাদ,আরফা-করিম উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ক্রীড়া উৎসব-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। আজ শুক্রবার (২৯ মে) বিকাল ৫টায় রশিদাবাদ স্পোর্টস একাডেমির আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
রশিদাবাদ স্পোর্টস একাডেমির উপদেষ্টা ও ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক মোরশেদুল শফি হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির উপদেষ্টা মাইনুল হাসান তুষার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান, এস এম হারুনুর রশীদ, হাসমত আলী, সাজ্জাদ হোসেন এনাম ও শহীদুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন রশিদাবাদ স্পোর্টস একাডেমির সভাপতি মোহাম্মদ আরাফাত চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম টিটুসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যন্ত অঞ্চলে ফুটবলসহ বিভিন্ন গ্রামীণ খেলার এমন চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।
