মোঃ হাসমত আলী
চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রবেশ তোরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই তোরণের শুভ উদ্বোধন করেন পটিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোহাম্মদ বদিউল আলম-এর ব্যক্তিগত অর্থায়ন ও সৌজন্যে এই সুদৃশ্য তোরণটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “শিক্ষার পরিবেশ উন্নয়নে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। দাতা সদস্যদের এই ধরনের মহতী উদ্যোগ পটিয়ার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে।” তিনি শিক্ষার গুণগত মান বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তোরণটির দাতা ও বিদ্যালয়ের আজীবন সদস্য জনাব মোহাম্মদ বদিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই তোরণটি নির্মিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।