পাহাড়তলীতে মাদকের বিরুদ্ধে যুবসমাজ ও সুশীল সমাজ: পুড়িয়ে ধ্বংস বিপুল মাদক, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় যুবসমাজ, ব্যবসায়ী ও পাহাড়তলী থানা যুবদল। নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় দেশের অন্যতম বৃহৎ এই মাদকের স্পট থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশের রহস্যজনক ভূমিকা ও প্রশ্রয়ের কারণেই সেখানে মাদক কারবারিরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

এলাকাবাসী ও যুবদল নেতাদের অভিযোগ, পাহাড়তলী থানার দায়িত্বশীলদের আশ্রয়ে চিহ্নিত মাদক কারবারিরা এখনও প্রকাশ্যে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি পাহাড়তলী থানা যুবদলের নেতাকর্মীরা মোস্তাফিজ নামের এক চিহ্নিত মাদক কারবারিকে মাদকসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। কিন্তু জামিনে বের হয়েই মোস্তাফিজ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অভিযানকারী যুবসমাজের ওপর হামলা চালায় এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

এই ঘটনার প্রতিবাদে পাহাড়তলী থানা যুবদল ও নোয়াপাড়া যুবসমাজ যৌথভাবে পুনরায় উক্ত মাদক স্পটে তাৎক্ষণিক অভিযান চালায়। যুবসমাজের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদক ফেলে পালিয়ে যায় কারবারিরা। পরবর্তীতে উপস্থিত জনতার সামনে উদ্ধারকৃত সমস্ত মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে এবং পুলিশের বক্তব্য নিতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং থানার সরকারি টেলিফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল মনে করেন, পাহাড়তলী থানা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মদত বন্ধ না হলে এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব নয়। পাহাড়তলীর আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদকের আস্তানা গুঁড়িয়ে দিতে পুলিশের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।