.
মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ১০ নং ইয়ারপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কদম মিয়ার পাড় এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। কদম মিয়ার পাড় ওয়াসেক পাটোয়ারী বাড়ির সৈয়দ আহাম্মদের নাতি এবং ‘মোরশেদ আলম কমপ্লেক্স’-এর সেভেন সেভেন দোকানের মালিক ও ‘কদমমিয়ার পাড় আত্ম ও সমাজ কল্যাণ সংস্থা’র সাবেক সভাপতি প্রয়াত আরিফ মাইনুদ্দিনের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফের পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা রাতের আঁধারে বসতঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ এবং জায়গাজমির দলিলসহ যাবতীয় মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের লোকজন বাড়িতে ফিরে ঘরের এমন তছনছ অবস্থা দেখে আতঙ্কে শিউরে ওঠেন।
খবর পেয়ে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি রবিউল হক মানিক মেম্বার, আত্ম ও সমাজ কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল আহম্মেদ মিন্টু এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষোভ প্রকাশ করে তারা জানান, ইয়ারপুর গ্রামে প্রতিনিয়তই এ ধরনের ন্যাক্কারজনক ও অপরাধমূলক ঘটনা ঘটছে। কিন্তু অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত বা অপরাধীদের শাস্তির মুখোমুখি করা হয়নি।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে প্রয়াত আরিফ মাইনুদ্দিনের পারিবারিক সূত্র জানিয়েছে, তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।