…
আব্দুল মোমিন চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড গুলি ও কার্তুজসহ মো. নাছির উদ্দীন (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাছির উদ্দীন উপজেলার ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে এনায়েতপুর বাজার এলাকায় টহল ও বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদ আসে যে, নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে বসতঘরে তল্লাশি চালিয়ে নাছিরের শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড (৭.৬৫ মিমি) পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এছাড়া একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড শটগানের কার্তুজ পাওয়া যায়। উদ্ধারকৃত কার্তুজগুলোর গায়ে ‘SHAKTIMAN EXPRESS MADE IN INDIA’ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীন দাবি করেন, তার বন্ধু রাউজানের বাসিন্দা মো. তৈয়ব প্রায় ৩-৪ মাস আগে বিদেশে যাওয়ার সময় এসব অস্ত্র ও গোলাবারুদ তার কাছে জিম্মা রেখে যান। দেশে ফিরে তৈয়ব তা ফেরত নেওয়ার কথা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ ঘটনায় নাছির উদ্দীন এবং পলাতক তৈয়বকে অভিযুক্ত করে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) 19A/19(f) ধারায় হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক তৈয়বকে গ্রেপ্তারসহ অস্ত্রের মূল উৎস ও এর পেছনে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।