সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে নামছেন গণনাকারীরা, উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

মো:খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

​সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে নামছেন গণনাকারীরা, উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে ও সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় প্রকৃত অসচল পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করতে সাতকানিয়ায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ। এ উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

​সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় সাতকানিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রকল্প বাস্তবায়নে সাতকানিয়ার প্রতিটি ঘরে ঘরে গিয়ে পারিবারিক ও আর্থসামাজিক তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের জন্য ইতোমধ্যে গণনাকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটাল প্রক্রিয়ায় সংগৃহীত এসব তথ্য সরাসরি কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হবে, যা তালিকা তৈরিতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করবে।

​অনুষ্ঠানে উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেন পলাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, মাঠপর্যায়ের তদারককারী এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতিতে যাচাই-বাছাই ও স্কোর নির্ধারণের পর সাতকানিয়া উপজেলার চূড়ান্ত উপকারভোগী পরিবারের সংখ্যা ঘোষণা করা হবে।