মো খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থন প্রদানের বিষয়ে করণীয় নির্ধারণ, প্রার্থী যাচাই-বাছাই কার্যক্রম গতিশীল করা এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার লক্ষ্যে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায় বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় কালিয়াইশ ইউনিয়নের নয়াখাল এলাকার ইকবাল কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উত্তর সাতকানিয়ার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা বিশাল মিছিলসহকারে সভায় যোগ দেন। আলোচনা সভা শেষে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দলীয় সমর্থন আবেদনের ফরম বিতরণ করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খান রাসেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব রাজিবুল্লাহ চৌধুরী এবং দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থন প্রদানের ক্ষেত্রে ত্যাগী, জনপ্রিয়, যোগ্য এবং সাংগঠনিকভাবে সক্রিয় প্রার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তৃণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে একটি সুশৃঙ্খল ও সর্বজনগ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন সম্পন্ন করা হবে।
তারা আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হবে। একই সাথে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উক্ত সভায় প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া, সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা পর্যালোচনা এবং নির্বাচনকে ঘিরে দলীয় কৌশল ও সাংগঠনিক করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।