মোঃ আব্দুল মোমিন চট্টগ্রাম
চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় এক গৃহবধূর স্বামীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের, জমি জবরদখলের চেষ্টা এবং পরবর্তীতে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত সোমবার ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা ডলি আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযোগ জানান এবং প্রশাসনের উচ্চপর্যায়ের কাছে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডলি আক্তার জানান, তাঁর স্বামী মোহাম্মদ এহেসান একজন পরহেজগার, পাঁচ ওয়াক্ত নামাজি ও সমাজ সচেতন ব্যক্তি। বিবাদী পক্ষ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে, মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাকে প্রভাবিত করে তাঁর স্বামী মোহাম্মদ এহেসানের বিরুদ্ধে একটি সম্পূর্ণ সাজানো মামলা দায়ের করিয়েছে।
ঘটনার বিবরণ
লিখিত বক্তব্যে ডলি আক্তার জানান, গত ২২ মে ২০২৬ ইং তারিখ দুপুর ১২:১০ মিনিটে বিবাদী পক্ষ ‘ছোট্ট’ নামধারী এক মহিলাকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডবলমুরিং মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে জিআর (GR) মামলা দায়ের করায় (যার মামলা নং- ২৫/২০২৬)।
প্রকৃতপক্ষে, তাঁদের বাড়ির মালিক জনাব হাজী জালাল হোসেন / হাজী শফির সাথে জমিজমা নিয়ে বিবাদী পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছে। উক্ত জায়গার যাবতীয় বৈধ কাগজপত্র ও দলিলপত্র বাড়ির মালিকের পক্ষেই রয়েছে এবং সরজমিনেও জায়গাটি মালিকের দখলেই আছে। ডলি আক্তারের স্বামী মোহাম্মদ এহেসান এই অন্যায়ের পক্ষে না থাকায় এবং সঠিক নথিপত্রের পক্ষে অবস্থান নেওয়ায় বিবাদী পক্ষ তাঁর ওপর চরম ক্ষিপ্ত হয়। উক্ত তফসিলভুক্ত জায়গার কোনো বৈধ নথিপত্র বা আদালতে কোনো সিভিল মামলা না থাকা সত্ত্বেও বিবাদীগণ পেশিশক্তির জোরে জায়গাটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এই জবরদখলের চেষ্টা ব্যর্থ হলে তারা একটি নাটকীয় ঘটনা সাজিয়ে মোহাম্মদ এহেসানকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে তাৎক্ষণিকভাবে জেলহাজতে প্রেরণ করে।
পরবর্তী হামলা ও নির্যাতন
ডলি আক্তার আরও অভিযোগ করেন, তাঁর স্বামী মোহাম্মদ এহেসান জেলহাজতে থাকার সুযোগে গত ২৪ মে ২০২৬ খ্রি. সন্ধ্যা ৭টায় বিবাদীগণ পুনরায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের বসতবাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। তারা বাড়ির নারী ও পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে গুরুতর জখম এবং শ্লীলতাহানি ঘটায়।
পরবর্তীতে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ডবলমুরিং থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে মামলা নিতে অনীহা প্রকাশ করে। কোনো উপায় না দেখে ভুক্তভোগী পরিবারটি গত ২৪ মে ২০২৬ খ্রি. চট্টগ্রামের বিজ্ঞ আদালতে একটি সিআর (CR) মামলা দায়ের করেন।
প্রশাসনের কাছে আকুল আবেদন
সংবাদ মাধ্যমের সাহায্যে এই ন্যাক্কারজনক, সাজানো ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ডলি আক্তার মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি এবং মাননীয় পুলিশ কমিশনার (সিএমপি) মহোদয়ের নিকট আকুল আবেদন জানিয়েছেন— যেন উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে এই ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হয়। একই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ভুক্তভোগী পরিবারটিকে ন্যায়বিচার প্রদান এবং তাঁর স্বামী মোহাম্মদ এহেসানের বিরুদ্ধে দায়ের করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলাটি প্রত্যাহারের ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ জানান।