নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক এবং আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সম্পাদক মুনীর চৌধুরী হাসপাতালটির সামগ্রিক সেবামূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ল্যাবরেটরি ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ রোগীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
উক্ত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘The True Lines’ পত্রিকার সম্পাদক কে. এম. দিদারুল আলম। তিনি হাসপাতালের প্রতিষ্ঠার পটভূমি স্মরণ করে বলেন, “লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরীর স্বপ্ন বাস্তবায়নে ২০০৯ সালের ১৬ই ডিসেম্বর আনোয়ারার ১৪ জন সমাজ সচেতন ব্যক্তি একত্রিত হয়ে ‘আনোয়ারা ডায়াবেটিক সমিতি’র যাত্রা শুরু করেছিলেন।”
তিনি আরও জানান, বর্তমানে এ হাসপাতালের মাধ্যমে সাধারণ ও দুস্থ রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং ল্যাবরেটরি সুবিধাসহ নানা সহযোগিতা পাচ্ছেন। এ সময় তিনি হাসপাতালের মানবিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট তরুণ উদ্যোক্তা জিয়াউল হক চৌধুরী হিরু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগঠক মোহাম্মদ শামছুল ইসলাম রানা, চট্টগ্রাম আড়তদার সমিতির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শরীফসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।