​সাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মো খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদিঘী দিঘির পাড় এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, ১১ জুলাই শনিবার বিকেলে আনুমানিক সাড়ে ৫টার দিকে এঁওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূমি অফিসের দক্ষিণ-পশ্চিমে স্থানীয় দেওদিঘির পূর্ব পাড়ে লোকজন উলঙ্গ অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি সাতকানিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তিনি আরও জানান, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।