মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) সাতকানিয়ার কেরানীহাটস্থ ‘সি-ওয়ার্ল্ড’ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি ডি.এম. আসহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জিল্লুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরিফুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “কৃতিত্বপূর্ণ ফলাফল জীবনের চূড়ান্ত গন্তব্য নয়; বরং এটি আগামী দিনের পথচলার একটি ধাপমাত্র। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ সময় জেলা ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।