কাজী প্রিয়া আক্তার মুক্তা চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর কঠোর অবস্থানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবারের ওই ঘটনার পর নগরজুড়ে সিএমপির ১৬টি থানায় পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার নিষিদ্ধ সংগঠনের ব্যানারে আকস্মিক মিছিল বের করার পরপরই অপরাধীদের শনাক্ত করতে মাঠে নামেন গোয়েন্দা ও থানা পুলিশ। ১৬টি থানায় একযোগে চলা অভিযানে মোট ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়।
থানাভিত্তিক গ্রেপ্তারের পরিসংখ্যান:
সিএমপি সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে খুলশী থানায়—১৩ জন। এছাড়া কোতোয়ালী থানায় ১২ জন, বায়েজিদ বোস্তামী থানায় ১২ জন এবং পাঁচলাইশ থানায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যান্য থানার মধ্যে ডবলমুরিংয়ে ৭ জন, ইপিজেডে ৩ জন, বাকলিয়ায় ২ জন, কর্ণফুলীতে ২ জন এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানা থেকে ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের এই কঠোর চিরুনি অভিযান অব্যাহত থাকবে।