কাজির দেউড়িতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

মোঃ সেকান্দর আলম চট্টগ্রাম

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানাধীন কাজির দেউড়ি এলাকায় মনিকা আক্তার সোমা (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটার সময় কাজির দেউড়ির ২ নং গলির মান্নান সাহেবের ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনিকা কুমিল্লা জেলার চান্দিনা থানার ৬ নং ওয়ার্ডের জামিরা পাড়া এলাকার মো. জালালের মেয়ে। সে পরিবারের সাথে ওই বাসায় বসবাস করত।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিম মনিকা ঘুমানোর কথা বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে তার বাবা ও অন্যান্য ভাড়াটিয়ারা মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত ও নজরদারি অব্যাহত রয়েছে।