চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা (বেলে মাঠ পাড়া) গ্রামে এসআই (নিঃ) খুরশীদ আলম ও সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোহা. আব্দুল হাদিকে (৩৫) তার বসতবাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর ও হেফাজত তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন রাত আনুমানিক ৩:১০ মিনিটের সময় দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামে আরেকটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাস্তিপুর গ্রামের কায়েদ আলী বিশ্বাসের ছেলে মো. ইয়াজতুল্লাহকে (৫০) তার বসতবাড়ি থেকে ৫৪ (বিজ্ঞপ্তিতে ৫৫ পিস উল্লেখ আছে) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে দর্শনা থানা পুলিশের এ ধরনের তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।