​চট্টগ্রামে ১০ লিটার চোলাই মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী রাজারাম গ্রেপ্তার

মোঃ সেকান্দর আলম চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ রাজারাম দাশ (৬২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জুন) রাতে নগরের বান্ডেল রোডস্থ বাঙালি সেবক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাজারাম দাশ ওই এলাকার মৃত বৌদ্ধ রাম দাশের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সুকৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

মঙ্গলবার (২ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বান্ডেল রোড সেবক কলোনিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রাজারাম দাশকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী, ঘরের কোণায় সুকৌশলে লুকিয়ে রাখা ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীকে মাদকমুক্ত করতে এবং মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।