কালিয়াইশ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন নবী হোসেন মেম্বার

মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নবী হোসেন মেম্বার। দায়িত্ব গ্রহণ করেই ইউনিয়নে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন এবং মাদক সম্পূর্ণ নির্মূলে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি।

আজ সোমবার (১২ অক্টোবর) কালিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

জানা যায়, কালিয়াইশ ইউনিয়ন পরিষদের মূল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ আহমদ পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করায় পরিষদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সুচারুরূপে পরিচালনার জন্য নিয়ম অনুযায়ী নবী হোসেন মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে কালিয়াইশ ইউনিয়ন পরিষদের সচিব খসরু সিকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য রোকসানা ইউসুফ (১, ২, ৩ নং ওয়ার্ড), খুরশিদা আকতার (৪, ৫, ৬ নং ওয়ার্ড), পারভীন আকতার (৭, ৮, ৯ নং ওয়ার্ড) এবং সাধারণ ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম (১ নং ওয়ার্ড), শফিকুল ইসলাম চৌধুরী (২ নং ওয়ার্ড), আবদুল গফুর মুক্ত (৪ নং ওয়ার্ড), আবদু শুক্কুর (৫ নং ওয়ার্ড), জসিম উদ্দীন (৬ নং ওয়ার্ড), আমীর হোসেন (৭ নং ওয়ার্ড) ও অধির তালুকদার (৮ নং ওয়ার্ড)। অনুষ্ঠান শেষে কালিয়াইশ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

দায়িত্ব গ্রহণ শেষে নবী হোসেন মেম্বার কালিয়াইশকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “কালিয়াইশ ইউনিয়নে কোনো ধরনের কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদকের ব্যবসা কিংবা সেবন বরদাশত করা হবে না। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। কালিয়াইশকে একটি শান্তিময় এলাকা বানাতে আমি স্থানীয় জনগণ, প্রশাসন ও সকল জনপ্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও আশ্বাস দেন যে, মূল চেয়ারম্যান ওমরাহ পালন শেষে দেশে না ফেরা পর্যন্ত জন্ম-মৃত্যু নিবন্ধন ও নাগরিক সনদসহ ইউনিয়নের সকল প্রকার নাগরিক সেবা নিরবচ্ছিন্ন ও স্বচ্ছতার সাথে প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপরাধবিরোধী এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানান এবং পরিষদ পরিচালনায় তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।