মো: আবদুল মোমিন
চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকার প্রথম সিঁড়ির মুখে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। অন্যজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়।
কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক যানটি আটক এবং হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।